তুরস্কের আক্কুয়ু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের (এনপিপি) ইউনিট-২ এর রিঅ্যাক্টর কম্পার্টমেন্টে পোলার ক্রেনের মূল কাঠামো সফলভাবে স্থাপন করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন রোসাটম।
৩৮.৫ মিটার উচ্চতায় ২৮২ টন ওজনের ব্রিজ কাঠামোটি একটি শক্তিশালী ক্রলার ক্রেনের মাধ্যমে স্থাপন করা হয়। পোলার ক্রেনটি রিঅ্যাক্টর ভবনের অন্যতম গুরুত্বপূর্ণ যন্ত্র, যা বিদ্যুৎকেন্দ্রের পুরো জীবনচক্রজুড়ে রক্ষণাবেক্ষণ, ভারী যন্ত্রাংশ স্থানান্তর এবং জ্বালানি পুনরায় লোডিংয়ের কাজে ব্যবহৃত হবে।
আক্কুয়ু নিউক্লিয়ার জেএসসি-এর একজন প্রতিনিধি জানান, ইউনিট-১ এ প্রি-কমিশনিং কার্যক্রমের পাশাপাশি অন্যান্য ইউনিটে নির্মাণ ও যন্ত্রপাতি স্থাপনের কাজ দ্রুত এগিয়ে চলছে। তিনি বলেন, অভ্যন্তরীণ কনটেইনমেন্টের পঞ্চম স্তরের কংক্রিটিং সম্পন্ন হওয়ার পরই পোলার ক্রেনের ধাতব কাঠামো স্থাপন সম্ভব হয়েছে। এই ক্রেনটি অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে ডুপ্লিকেট লিফটিং মেকানিজমসহ ডিজাইন করা হয়েছে।
পোলার ক্রেন স্থাপনের মাধ্যমে ইউনিট-২ এর পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপ—ষষ্ঠ স্তর উত্তোলন এবং অভ্যন্তরীণ কনটেইনমেন্ট ডোম বন্ধ করার প্রস্তুতি সম্পন্ন হবে।
পোলার ক্রেন রিঅ্যাক্টর ভবনের অভ্যন্তরীণ কনটেইনমেন্ট ডোমের নিচে স্থাপন করা হয়। এটি বৃত্তাকার রেলের উপর চলাচল করে এবং পুরো ভবনের মধ্যে ভারী যন্ত্রাংশ স্থানান্তর করতে সক্ষম। প্রায় ৫০০ টন ওজনের এই কাঠামো রিঅ্যাক্টর রক্ষণাবেক্ষণ ও জ্বালানি ব্যবস্থাপনায় ব্যবহৃত হয়।
আক্কুয়ু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তুরস্কের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এতে চারটি পাওয়ার ইউনিট থাকবে, প্রতিটির ক্ষমতা ১,২০০ মেগাওয়াট এবং এগুলো রাশিয়ান ডিজাইনের জেনারেশন ৩+ ভিভিইআর রিঅ্যাক্টর দ্বারা পরিচালিত হবে। এটি বিশ্বে প্রথম পারমাণবিক প্রকল্প যা বিল্ড-ওউন-অপারেট মডেলে বাস্তবায়িত হচ্ছে।
ছবি: অ্যাটম মিডিয়া
