সর্বসাধারণ পারমাণবিক তথ্য কেন্দ্র ঈশ্বরদী-এর উদ্যোগে আবুল হোসেন উচ্চ বিদ্যালয়ে “নিউক্লিয়ার ডিলেমা চ্যালেঞ্জ” শীর্ষক একটি শিক্ষামূলক ও ইন্টারঅ্যাকটিভ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের ৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় শিক্ষার্থীদের ৯টি দলে বিভক্ত করা হয় এবং তাদের সামনে পারমাণবিক শক্তি সংশ্লিষ্ট বিভিন্ন বাস্তবধর্মী সমস্যা বা ডিলেমা তুলে ধরা হয়। প্রতিটি অংশগ্রহণকারীকে লিখিত আকারে কেস স্টাডি প্রদান করা হয় এবং নির্ধারিত ভূমিকা অনুযায়ী দলীয় আলোচনার মাধ্যমে তারা সম্ভাব্য সমাধান নিয়ে কাজ করে। পরবর্তীতে প্রতিটি দল তাদের কৌশল, যুক্তি ও সমাধান উপস্থাপন করে।
অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাহফিজুর রহমান। তিনি দলগুলোর উপস্থাপনা দক্ষতা, যৌক্তিক বিশ্লেষণ এবং প্রশ্নোত্তর পর্বে পারফরম্যান্সের ভিত্তিতে মূল্যায়ন করেন।
প্রতিযোগিতায় “টিম-জাম” প্রথম স্থান অর্জন করে। বিজয়ী দলের সদস্যরা হলেন তালহা, আল-আমিম, রৌদ্র এবং মিজান। তারা পরিবেশবাদী কর্মীর ভূমিকায় নিজেদের যুক্তি ও উপস্থাপনা দক্ষতার মাধ্যমে বিচারকদের মুগ্ধ করে প্রথম স্থান অধিকার করে এবং পুরস্কার হিসেবে গুডি ব্যাগ লাভ করে।
আয়োজকরা জানান, এই ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তাভাবনা, দলগত কাজ এবং যোগাযোগ দক্ষতা উন্নয়নে সহায়তা করে। পাশাপাশি এটি জটিল পারমাণবিক বিষয় নিয়ে শিক্ষার্থীদের ভাবতে এবং আলোচনা করতে একটি আকর্ষণীয় প্ল্যাটফর্ম তৈরি করেছে। অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মেধা ও আবুল হোসেন উচ্চ বিদ্যালয়ের উদ্ভাবনী শিক্ষার প্রতি অঙ্গীকারকে তুলে ধরেছে।
