আরএআরএস উচ্চ বিদ্যালয়ে পারমাণবিক শক্তি বিষয়ে একটি আকর্ষণীয় ও শিক্ষামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে, যেখানে মোট ৪৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের শুরুতে সর্বসাধারণ পারমানবিক তথ্য কেন্দ্র (পিআইসি) সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি এবং অনুষ্ঠানের উদ্দেশ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে দুটি প্রধান কার্যক্রম ছিল— “ বাংলাদেশকে শক্তি দাও” দলীয় চ্যালেঞ্জ এবং “রিঅ্যাক্টর তৈরি করুন” মানব ধাঁধা। শিক্ষার্থীদের ৭টি দলে ভাগ করা হয়, প্রতিটি দলে ৭ জন করে সদস্য ছিল। তারা “বাংলাদেশের এনার্জি ম্যানেজার” হিসেবে বিভিন্ন বাস্তবধর্মী পরিস্থিতি—যেমন বিদ্যুতের চাহিদা বৃদ্ধি এবং দূষণের কারণে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ হওয়া—নিয়ে আলোচনা করে পারমাণবিক শক্তির গুরুত্ব তুলে ধরে।
দ্বিতীয় কার্যক্রমে শিক্ষার্থীরা “মানব ধাঁধা”-এর মাধ্যমে ইউরেনিয়াম ফুয়েল থেকে শুরু করে বিদ্যুৎ উৎপাদন পর্যন্ত ধাপগুলো সঠিকভাবে সাজিয়ে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কার্যপ্রক্রিয়া সম্পর্কে ধারণা লাভ করে।
“পরিবেশ দূষণের কারণে কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করা হচ্ছে” বিষয়ক কেস উপস্থাপন করে ‘রেড আর্মি’ দলটি প্রথম স্থান অর্জন করে। দলের সদস্যরা হলো—সদ্য, তাজ, আরণ, অরিদ্র, সাজিদ, জয় ও রাব্বি।
শেষে তথ্য কেন্দ্রের ম্যানেজার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কীভাবে কাজ করে সে বিষয়ে সংক্ষিপ্ত ব্যাখ্যা প্রদান করেন। পুরো আয়োজনটি শিক্ষার্থীদের মধ্যে দলগত কাজ, সমালোচনামূলক চিন্তা এবং পরিচ্ছন্ন জ্বালানি ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
