রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) প্রথম ইউনিটের কমিশনিং কার্যক্রমে আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বিএইআরএ) গত ২৯ অক্টোবর ইউনিট-১-এর পাওয়ার স্টার্টআপের স্টেজ-সি কার্যক্রম শুরুর অনুমোদন দিয়েছে। অনুমোদনের পর আজ ৩০ অক্টোবর থেকে এ পর্যায়ের কার্যক্রম শুরু হয়েছে।
স্টেজ-সি হলো বিদ্যুৎকেন্দ্রের কমিশনিং প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ। এ পর্যায়ে রিঅ্যাক্টরের ক্ষমতা ধাপে ধাপে বৃদ্ধি করে বিভিন্ন প্ল্যান্ট সিস্টেমের কার্যকারিতা এবং সমন্বিত পরিচালনা পরীক্ষা ও যাচাই করা হবে। এর মধ্যে রয়েছে রিঅ্যাক্টর, প্রাইমারি ও সেকেন্ডারি সিস্টেম, টারবাইন-জেনারেটর, বৈদ্যুতিক ব্যবস্থা, ইন্সট্রুমেন্টেশন ও কন্ট্রোল, রিঅ্যাক্টর প্রোটেকশন এবং সেফটি সিস্টেম।
ক্ষমতা বৃদ্ধির প্রতিটি ধাপে নির্ধারিত পরীক্ষা ও মূল্যায়ন সম্পন্ন করা হবে। বিশেষভাবে টারবাইন কন্ট্রোল ও প্রোটেকশন সিস্টেম, জেনারেটর এবং সংশ্লিষ্ট বৈদ্যুতিক সরঞ্জামের কার্যকারিতা পর্যবেক্ষণ করা হবে।
এ পর্যায়ের অন্যতম প্রধান লক্ষ্য হলো প্রয়োজনীয় পরীক্ষা সফলভাবে সম্পন্ন করার পর ইউনিট-১-এর জেনারেটরকে জাতীয় গ্রিডের সঙ্গে সিঙ্ক্রোনাইজ করা। এর মাধ্যমে জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের দিকে অগ্রসর হওয়া সম্ভব হবে। তবে এ প্রক্রিয়া সংশ্লিষ্ট কমিশনিং শর্ত পূরণ এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদনের ওপর নির্ভরশীল।
স্টেজ-সি কার্যক্রমের সূচনা বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচির বাস্তবায়নে একটি উল্লেখযোগ্য অগ্রগতি। পুরো কমিশনিং প্রক্রিয়ায় পারমাণবিক নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
