প্রশ্ন জিজ্ঞাসা করুন
কিছু লিখুন
প্রেরণ করুন
২০২৬ সালের মধ্যে জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
০৫.০৩.২০২৬

বাংলাদেশের বহুল প্রতীক্ষিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ২০২৬ সালের জুন বা জুলাইয়ের শুরুতেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। এ লক্ষ্যে প্রথম ইউনিটে এপ্রিলের শুরুতে পারমাণবিক জ্বালানি লোডিংয়ের প্রস্তুতি চলছে।

প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এপ্রিলের প্রথম সপ্তাহে জ্বালানি লোডিং শুরু হতে পারে। এরপর মে ও জুনজুড়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা, ‘ক্রিটিক্যালিটি’ অর্জন এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় (সিঙ্ক্রোনাইজেশন) প্রক্রিয়া চলবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে প্রথমে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে এবং ধীরে ধীরে পূর্ণ সক্ষমতায় পৌঁছাবে।

জ্বালানি লোডিং প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় চার সপ্তাহ সময় লাগবে। এর পরবর্তী ধাপে একাধিক কারিগরি পরীক্ষা সম্পন্ন করা হবে। কর্মকর্তাদের মতে, জ্বালানি লোডিংয়ের পর জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করতে মোট প্রায় আড়াই থেকে তিন মাস সময় লাগতে পারে।

জ্বালানি লোডিং অনুষ্ঠানকে কেন্দ্র করে বাংলাদেশ ও রাশিয়া -এর উচ্চপর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতির সম্ভাবনা রয়েছে। দুই দেশের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে অনুষ্ঠানের চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা হবে।

কর্মকর্তারা জানান, প্রয়োজনীয় অধিকাংশ পরীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং অল্প কিছু পরীক্ষা এখনও চলমান রয়েছে। প্রথম ইউনিট থেকে প্রাথমিকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে, যা ধাপে ধাপে বাড়িয়ে প্রায় ১,২০০ মেগাওয়াট পূর্ণ সক্ষমতায় উন্নীত করা হবে।

প্রকল্প কর্তৃপক্ষ জোর দিয়ে বলেছে, নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। আন্তর্জাতিক মান বজায় রেখে প্রতিটি ধাপ সতর্কতার সঙ্গে সম্পন্ন করা হচ্ছে। বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ ও অতিরিক্ত নিরাপত্তা পরীক্ষার কারণে প্রকল্পে বিলম্ব হলেও বর্তমানে এটি বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত প্রস্তুতি পর্যায়ে রয়েছে।

ছবিঃ https://t.me/rooppur_tube