তুরস্কের আক্কুয়ু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট ৪-এর টারবাইন হলের ১৮ মিটার উচ্চতায় ফ্লোর স্ল্যাবের কংক্রিটিং সম্পন্ন হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রোসাটম।
দুই শিফটে প্রায় ১২০ জন বিশেষজ্ঞ এ কাজে অংশ নেন। তারা রিইনফোর্সমেন্ট স্থাপন, পাম্পের মাধ্যমে ১,৮০১ ঘনমিটার কংক্রিট ঢালাই এবং কংক্রিটের মিশ্রণ যথাযথভাবে কমপ্যাক্ট করার কাজ সম্পন্ন করেন। নির্মিত স্ল্যাবটি টারবাইন হলের ফ্লোর হিসেবে ব্যবহৃত হবে এবং টারবাইন, ব্যারিং গিয়ার ও জেনারেটরসহ গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় প্রবেশাধিকার নিশ্চিত করবে।
ফ্লোর স্ল্যাবের কাজ শেষ হওয়ার পর বিশেষজ্ঞরা এখন টারবাইন জেনারেটরের ভিত্তি প্রস্তুতের পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপে এগিয়েছেন। এ পর্যায়ে ৩০৮ টন উচ্চ-শক্তির স্টিল রিইনফোর্সমেন্ট, ৬৯ টন এমবেডেড পার্টস ও অ্যাঙ্কর অ্যাসেম্বলি স্থাপন এবং ২,২৩৮ ঘনমিটার কংক্রিট ঢালাইয়ের উপযোগী ফর্মওয়ার্ক নির্মাণ করা হবে। কংক্রিট ঢালাইয়ের আগে ভিত্তির অক্ষের নির্ভুলতা নিশ্চিত করতে জিওডেটিক জরিপও করা হবে।
আক্কুয়ু নিউক্লিয়ার জেএসসির প্রতিনিধি বলেন, প্রকল্পটি একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করেছে এবং চারটি ইউনিটেই নির্মাণকাজ এগিয়ে চলছে। নকশা অনুযায়ী নির্ভুলভাবে কাজ সম্পন্ন করাই বিদ্যুৎকেন্দ্রটির দীর্ঘমেয়াদি নির্ভরযোগ্য পরিচালনার অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, আক্কুয়ু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তুরস্কের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রকল্পটিতে রাশিয়ান নকশার জেনারেশন-থ্রি প্লাস ভিভিইআর-১২০০ প্রযুক্তির চারটি ইউনিট নির্মাণ করা হচ্ছে, যার প্রতিটির উৎপাদন ক্ষমতা ১,২০০ মেগাওয়াট। এটি বিশ্বে প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, যা বিল্ড-ওউন-অপারেট মডেলে বাস্তবায়িত হচ্ছে।
ছবি: অ্যাটম মিডিয়া
