প্রশ্ন জিজ্ঞাসা করুন
কিছু লিখুন
প্রেরণ করুন
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ-রাশিয়ার শিক্ষার্থীদের মতবিনিময় ও পারমাণবিক জ্বালানি নিয়ে আলোচনা
০৬.০৯.২০২৬

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিইউএসটি) কনভেনশন সেন্টারে বাংলাদেশ ও রাশিয়ার শিক্ষার্থীদের অংশগ্রহণে “ব্রিজিং বর্ডারস: বাংলাদেশ ও রাশিয়ার পারমাণবিক শক্তির চ্যালেঞ্জ এবং সম্ভাবনা অনুসন্ধান” শীর্ষক একটি সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সর্বসাধারণ পারমাণবিক তথ‍্যকেন্দ্র, ঈশ্বরদী এর উদ‍্যোগে ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ আয়োজনে প্রায় ৫০ জন রুশ ও বাংলাদেশি শিক্ষার্থী অংশ নেন।

আন্তঃসাংস্কৃতিক সংলাপ, বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্য নিয়ে আয়োজিত অনুষ্ঠানে পিইউএসটির উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মো. শামীম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান, বিভিন্ন অনুষদের ডিন এবং জেএসসি অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট এর আনাস্তাসিয়া বাজেনোভা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সর্বসাধারণ পারমাণবিক তথ‍্যকেন্দ্র, ঈশ্বরদী এর ব‍্যবস্থাপক আশিক হায়দার ও আহসান হাবিব। শুরুতে বাংলাদেশি ও রুশ শিক্ষার্থীদের মধ্যে একটি ইন্টারঅ্যাকটিভ ভাষা বিনিময় পর্ব অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা একে অপরের মাতৃভাষায় দৈনন্দিন ব্যবহারের কিছু শব্দ ও বাক্য শেখার সুযোগ পান।

এরপর উচ্চশিক্ষা ব্যবস্থা, বৈজ্ঞানিক গবেষণা এবং পারমাণবিক জ্বালানি সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনার পর শিক্ষার্থীরা একসঙ্গে চা ও নাশতা গ্রহণ করেন এবং অনানুষ্ঠানিক পরিবেশে নিজেদের মধ্যে মতবিনিময় করেন। অনুষ্ঠানটি শেষে রুশ শিক্ষার্থীদের জন্য পিইউএসটি ক্যাম্পাস পরিদর্শনের আয়োজন করা হয়।

আয়োজকদের মতে, এ ধরনের শিক্ষার্থীভিত্তিক সাংস্কৃতিক বিনিময় পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি ও পারমাণবিক জ্বালানি নিয়ে বাংলাদেশ ও রাশিয়ার তরুণদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতার নতুন সুযোগ তৈরি করতে পারে।