সর্বসাধারণ পারমাণবিক তথ্যকেন্দ্র (পিআইসি), ঈশ্বরদীর উদ্যোগে চর রুপপুর জয়েন উদ্দীন দাখিল মাদ্রাসায় ‘নিউক্লিয়ার ডিলেমা চ্যালেঞ্জ’ শীর্ষক একটি শিক্ষামূলক ও অংশগ্রহণমূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এতে মাদ্রাসার ৪৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় শিক্ষার্থীদের আটটি দলে ভাগ করা হয়। প্রতিটি দলকে পারমাণবিক শক্তি সংশ্লিষ্ট বিভিন্ন বাস্তবধর্মী সমস্যা ও পরিস্থিতি নিয়ে লিখিত কেস স্টাডি দেওয়া হয়। নির্ধারিত ভূমিকা অনুযায়ী দলীয় আলোচনার মাধ্যমে শিক্ষার্থীরা সম্ভাব্য সমাধান তৈরি করে এবং পরে নিজেদের যুক্তি, কৌশল ও প্রস্তাবনা উপস্থাপন করে।
মাদ্রাসার একজন সহকারী শিক্ষক বিচারকের দায়িত্ব পালন করেন। দলগুলোর উপস্থাপনা দক্ষতা, যৌক্তিক বিশ্লেষণ এবং প্রশ্নোত্তর পর্বে পারফরম্যান্সের ভিত্তিতে তিনি তাদের মূল্যায়ন করেন।
প্রতিযোগিতায় মেয়েদের একটি দল প্রথম স্থান অর্জন করে। বিজয়ী দলের সদস্যরা হলেন রোজা, জেরিন, মুস্তাকিমা ও মরিয়ম। স্থানীয় জনপ্রতিনিধির ভূমিকায় নিজেদের শক্তিশালী যুক্তি, বিশ্লেষণ ও উপস্থাপনা দক্ষতার পরিচয় দিয়ে তারা বিচারকের প্রশংসা অর্জন করে। বিজয়ী দলের সদস্যদের পুরস্কার হিসেবে গুডি ব্যাগ প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সম্পর্কে সঠিক ও বিজ্ঞানভিত্তিক তথ্য জানানো হয়। এ সময় কেন্দ্রটি নিয়ে প্রচলিত বিভিন্ন ভুল ধারণা দূর করার পাশাপাশি শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন আয়োজকরা।
পিআইসি জানায়, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, সমালোচনামূলক চিন্তাভাবনা ও দলগত সমস্যা সমাধানের দক্ষতা বিকাশের পাশাপাশি পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার সম্পর্কে তথ্যভিত্তিক ধারণা গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
