বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিট থেকে উৎপাদিত ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপির উপস্থিতিতে প্রথমবারের মতো এই বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়।
দীর্ঘদিনের প্রস্তুতি, ধারাবাহিক কারিগরি কার্যক্রম এবং বিভিন্ন ধাপের পরীক্ষা-নিরীক্ষা শেষে বিদ্যুৎকেন্দ্রটির জাতীয় গ্রিডে সংযোগের এই উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময় বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা যাচাই করা হবে। এরপর প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদ্যুৎকেন্দ্রটিকে গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর পুনরায় ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করে আরও কিছু কারিগরি ও পরিচালনসংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করা হবে।
পরীক্ষার প্রতিটি ধাপে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন ব্যবস্থার কার্যকারিতা, টারবাইন ও জেনারেটরের কর্মদক্ষতা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। এসব পরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে এবং নির্ধারিত কাজ সম্পন্ন হলে পরবর্তী পরীক্ষামূলক পরিচালনার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন হবে। অনুমোদন সাপেক্ষে বিদ্যুৎকেন্দ্রটি পুনরায় পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত করে বিদ্যুৎ সরবরাহের পরবর্তী ধাপে এগিয়ে নেওয়া হবে।
রুশ কন্ট্রাকটরের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী, ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা সম্পন্ন হওয়ার পর প্রথম ইউনিট থেকে পূর্ণ ক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। প্রকল্পটির সাধারণ ডিজাইনার ও প্রধান কন্ট্রাকটর হিসেবে কাজ করছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রোসাটমের ইঞ্জিনিয়ারিং ডিভিশন।
উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের প্রতিটির উৎপাদন ক্ষমতা ১২০০ মেগাওয়াট। মোট ২৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎকেন্দ্র দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ, জ্বালানি নিরাপত্তা জোরদার এবং টেকসই বিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


রূপপুরের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের অগ্রযাত্রায় একটি ঐতিহাসিক মাইলফলক। এর মাধ্যমে পারমাণবিক প্রযুক্তিনির্ভর বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেল।
ছবি: সংগৃহীত
