পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিইউএসটি) কনভেনশন সেন্টারে ১ সেপ্টেম্বর ২০২৬ “নিউক্লিয়ার ডিলেমা চ্যালেঞ্জ” শীর্ষক একটি ইন্টারঅ্যাকটিভ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সর্বসাধারণ পারমাণবিক তথ্যকেন্দ্র, ঈশ্বরদী এর উদ্যগে এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থী অংশ নেন। পারমাণবিক শক্তি, পরিবেশগত স্থায়িত্ব এবং প্রযুক্তিগত নিরাপত্তা সংস্কৃতির বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে আয়োজনটি পরিচালিত হয়।
প্রতিযোগিতায় শিক্ষার্থীদের বিভিন্ন দলে ভাগ করে বাস্তবধর্মী পরিস্থিতির ওপর তৈরি কেস স্টাডি দেওয়া হয়। দলের সদস্যরা নির্ধারিত ভূমিকা অনুযায়ী বিভিন্ন সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা ও বিশ্লেষণ করেন। পরে প্রতিটি দল তাদের প্রস্তাবিত সমাধান উপস্থাপন করে এবং প্রশ্নোত্তর পর্বে নিজেদের যুক্তির পক্ষে বক্তব্য তুলে ধরে।
এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তাভাবনা, দলগত কাজ, সমস্যা সমাধান এবং উপস্থাপনা দক্ষতা বিকাশের পাশাপাশি জটিল জ্বালানি ও প্রযুক্তিগত বিষয় নিয়ে মতামত প্রকাশের সুযোগ তৈরি হয়।
প্রতিযোগিতায় “টিম ১” প্রথম স্থান অর্জন করে। বিজয়ী দলের সদস্যরা হলেন মো. রফিকুজ্জামান রাফি (গণিত), তানজিলা আক্তার মিতু (গণিত), মো. আবদুল আওয়াল (ইইসিই) এবং মাহমুদুল ইসলাম (আইসিই)। তাদের বিশ্লেষণধর্মী যুক্তি, আন্তঃবিভাগীয় দলগত কাজ এবং উপস্থাপনা দক্ষতার জন্য দলটি প্রথম স্থান অর্জন করে। বিজয়ী দলের সদস্যদের গুডি ব্যাগ দিয়ে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সম্পর্কে বিদ্যমান বিভিন্ন ভুল ধারণা দূর করে সঠিক ও বিজ্ঞানভিত্তিক তথ্য উপস্থাপন করা হয়। একই সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সম্পর্কিত তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয়।
