সর্বসাধারণ পারমাণবিক তথ্যকেন্দ্র (পিআইসি), ঈশ্বরদীর উদ্যোগে রূপপুর উচ্চ বিদ্যালয়ে “নিউক্লিয়ার হাইপোথিসিস ফর স্কুল স্টুডেন্টস” শীর্ষক একটি বিজ্ঞানভিত্তিক ও ইন্টারঅ্যাকটিভ শিক্ষামূলক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে বিদ্যালয়ের ৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় শিক্ষার্থীদের চার সদস্যের দলে ভাগ করা হয়। বিজ্ঞান, প্রযুক্তি এবং সমাজ সংশ্লিষ্ট বিভিন্ন কাল্পনিক পরিস্থিতি বা হাইপোথিসিস উপস্থাপন করা হলে দলগুলো নিজেদের জ্ঞান, যুক্তি ও সৃজনশীলতা কাজে লাগিয়ে সম্ভাব্য সমাধান তৈরি করে। প্রতিযোগিতাটি চারটি পর্বে অনুষ্ঠিত হয়। প্রতিটি দলের একজন প্রতিনিধি বিচারক ও অংশগ্রহণকারীদের সামনে তাদের দলের ধারণা ও সমাধান উপস্থাপন করেন।
উপস্থাপনার পাশাপাশি অংশগ্রহণকারীরা একে অপরের কাছে প্রশ্ন করেন এবং বিভিন্ন বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা করেন। এতে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভিত্তিক চিন্তা, সমালোচনামূলক বিশ্লেষণ, দলগত কাজ এবং উপস্থাপনা দক্ষতা বিকাশের সুযোগ সৃষ্টি হয়।
প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন রূপপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আমানুল্লাহ। সৃজনশীলতা, যৌক্তিক বিশ্লেষণ এবং উপস্থাপনা দক্ষতার ভিত্তিতে সেরা দল নির্বাচন করা হয় এবং তাদের পুরস্কৃত করা হয়।
চমৎকার উপস্থাপনার মাধ্যমে “টিম-২” বিজয়ী হয়। বিজয়ী দলের সদস্যরা হলেন আলিফ, নাফিজ, রাফিদ, রাহিদ, মুহিন, এবং রাফি।
অনুষ্ঠানে একটি প্রশ্নোত্তর পর্বও অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। পিআইসি প্রতিনিধিরা তাদের প্রশ্নের বিজ্ঞানভিত্তিক ও সঠিক উত্তর প্রদান করেন এবং প্রচলিত ভুল ধারণা ও মিথ ভেঙে সঠিক ও বাস্তবসম্মত তথ্য তুলে ধরেন। একই সঙ্গে শিক্ষার্থীদের রাশিয়ার আধুনিক পারমাণবিক প্রযুক্তি সম্পর্কেও ধারণা দেওয়া হয়।
পিআইসি এর মতে, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে কৌতূহল বৃদ্ধি, যুক্তিনির্ভর চিন্তাভাবনা গড়ে তোলা এবং আত্মবিশ্বাসের সঙ্গে নিজের মতামত উপস্থাপনে উৎসাহিত করে।
