মিশরের এল-দাবা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের রিঅ্যাক্টর বিল্ডিংয়ের ইনার কনটেইনমেন্টের চতুর্থ স্তরের কংক্রিটিং সম্পন্ন হয়েছে। প্রকল্পটির জেনারেল ডিজাইনার ও জেনারেল কন্ট্রাক্টর হিসেবে কাজ করছে রোসাটমের ইঞ্জিনিয়ারিং ডিভিশন।
কংক্রিট ঢালাইয়ের কাজ সম্পন্ন করতে প্রায় ৩০ ঘণ্টা সময় লাগে। এ সময় পাঁচটি কংক্রিটিং বুম ব্যবহার করা হয় এবং দিন-রাতের শিফটে প্রায় ৮০ জন বিশেষজ্ঞ কাজ করেন। পাশাপাশি যান্ত্রিক সরঞ্জামগুলো সার্বক্ষণিক সচল রাখতে আরও ২০ জন কর্মী দায়িত্ব পালন করেন। পুরো কাজের সময় মোট ১,৬০৮ ঘনমিটার কংক্রিট ব্যবহার করা হয়।
চতুর্থ স্তরের কংক্রিটিং সম্পন্ন হওয়ার ফলে রিঅ্যাক্টর বিল্ডিংয়ের উচ্চতা ২৪.৪ মিটার থেকে বেড়ে ৩৪ মিটারে পৌঁছেছে। কংক্রিট করা স্তরটির উচ্চতা ৯.৬ মিটার।
রোসাটমের প্রতিনিধি বলেন, প্রথম ইউনিটের নির্মাণে ইনার কনটেইনমেন্টের চতুর্থ স্তরের কংক্রিটিং সম্পন্ন হওয়া একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি জানান, আগস্টের মাঝামাঝি পঞ্চম স্তরের নির্মাণকাজ শুরু করার পরিকল্পনা রয়েছে, যেখানে পরবর্তী পর্যায়ে একটি পোলার ক্রেন স্থাপনের কথা রয়েছে।
এল-দাবা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র মিশরের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ভূমধ্যসাগরীয় উপকূলে মাতরুহ প্রদেশের এল-দাবা শহরে নির্মাণাধীন এই কেন্দ্রে ১,২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন চারটি পাওয়ার ইউনিট থাকবে। প্রতিটি ইউনিটে রাশিয়ার নকশায় তৈরি ভিভিইআর-১২০০ প্রেসারাইজড ওয়াটার রিঅ্যাক্টর স্থাপন করা হবে।
ছবি: অ্যাটম মিডিয়া
