প্রশ্ন জিজ্ঞাসা করুন
কিছু লিখুন
প্রেরণ করুন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন
০৭.০৫.২০২৬

বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় প্রক্রিয়া নিয়ন্ত্রণ ব্যবস্থা (অটোমেটেড প্রসেস কন্ট্রোল সিস্টেম – এপিসিএস) সফলভাবে সরবরাহ ও স্থাপন সম্পন্ন করেছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রোসাটম।

গত ২৮ এপ্রিল প্রথম ইউনিটে পারমাণবিক জ্বালানি লোডিং শুরুর মাধ্যমে প্রকল্পটি “স্টার্ট-আপ” পর্যায়ে প্রবেশ করেছে। আধুনিক এই নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপনের ফলে ইউনিটটির নিরাপদ ও দক্ষ পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে।

রোসাটম অটোমেটেড ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটি বিভাগ রোসাটম অটোমেটেড কন্ট্রোল সিস্টেমস এই প্রযুক্তি রূপপুরে সরবরাহ করেছে। প্রথম ইউনিটের জন্য মোট ২২টি সাব-সিস্টেম স্থাপন করেছে প্রতিষ্ঠানটি, যার মধ্যে রয়েছে স্বয়ংক্রিয় প্রক্রিয়া নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং স্বয়ংক্রিয় বিকিরণ পর্যবেক্ষণ ব্যবস্থা (এআরএমএস)।

এই সিস্টেম রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের “মস্তিষ্ক” হিসেবে কাজ করবে। এটি হাজারো সেন্সরের মাধ্যমে তাপমাত্রা, চাপ, প্রবাহসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পর্যবেক্ষণ করে তাৎক্ষণিকভাবে ভালভ ও পাম্প নিয়ন্ত্রণ করবে, যাতে কেন্দ্রটি নিরাপদ সীমার মধ্যে পরিচালিত হয়।

রোসাটম জানায়, কমিশনিং ও বাণিজ্যিক পরিচালনা উভয় পর্যায়েই এই সিস্টেম যন্ত্রপাতির কার্যকারিতা, বিদ্যুৎ উৎপাদন, প্রযুক্তিগত কার্যক্রম এবং বিকিরণ পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।

অটোমেটেড প্রসেস কন্ট্রোল সিস্টেম বিভাগের ব্যবস্থাপনা পরিচালক জানান, “রূপপুর প্রকল্পের জন্য আমরা বেশ কিছু প্রযুক্তিগত উন্নয়ন বাস্তবায়ন করেছি। উদাহরণ হিসেবে, স্বয়ংক্রিয় বিকিরণ পর্যবেক্ষণ ব্যবস্থা প্রথমবারের মতো কমপ্যাক্ট বেঞ্চ-টাইপ ডিজাইনে তৈরি করা হয়েছে। বর্তমানে প্রথম ইউনিটের জন্য প্রয়োজনীয় সকল সরঞ্জাম সরবরাহ ও কমিশনিং সম্পন্ন হয়েছে।”

রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর স্থাপন করা হচ্ছে, যার মোট উৎপাদন ক্ষমতা হবে ২,৪০০ মেগাওয়াট। আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করে নির্মিত জেনারেশন-থ্রি প্লাস প্রযুক্তির এই রিঅ্যাক্টর বর্তমানে রাশিয়া ও বেলারুশে সফলভাবে পরিচালিত হচ্ছে। একই প্রযুক্তিতে মিশর, হাঙ্গেরি, তুরস্ক ও চীনেও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ কাজ চলছে। পাশাপাশি কাজাখস্তান প্রজাতন্ত্রে দুটি ভিভিইআর-১২০০ পাওয়ার ইউনিট নির্মাণের জন্য প্রকৌশলগত সমীক্ষা চলছে।

(ছবি: অ‍্যাটম মিডিয়া)