প্রশ্ন জিজ্ঞাসা করুন
কিছু লিখুন
প্রেরণ করুন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উভয় ইউনিটে নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন সম্পন্ন করেছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা
১২.১০.২০২৬

বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ও দ্বিতীয় ইউনিটে স্বয়ংক্রিয় প্রক্রিয়া নিয়ন্ত্রণব্যবস্থা (এপিসিএস) স্থাপনের কাজ সম্পন্ন করেছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম। সংস্থাটির সহযোগী প্রতিষ্ঠান রোসাটম অটোমেটেড কন্ট্রোল সিস্টেমস (আরএএসইউ) এই ব্যবস্থা স্থাপন করেছে বলে জানিয়েছে রাশিয়ার সংবাদ সংস্থা রিয়া নভোস্তি।

স্থাপিত ব্যবস্থায় ৪৩টি সিস্টেমের জন্য প্রায় ২০ হাজার যন্ত্রপাতি রয়েছে। এগুলো রিঅ্যাক্টরের স্থিতিশীল কার্যক্রমসহ ৭ হাজারের বেশি প্রযুক্তিগত পরামিতি পর্যবেক্ষণ, নিয়ন্ত্রণ এবং প্রক্রিয়াগত নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে।

এই ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হলো অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম (ওআইএসএস), যা বিদ্যুৎ ইউনিটের ‘মস্তিষ্ক’ হিসেবে পরিচিত। এটি বিদ্যুৎ ইউনিটের ডিজিটাল টুইনের ভিত্তিতে তৈরি। এটি ৩৬০টি প্রযুক্তিগত সিস্টেমের তথ্য বিশ্লেষণ করে সম্ভাব্য বিচ্যুতি শনাক্ত করে এবং ৮০টিরও বেশি নির্দেশনার ভিত্তিতে অপারেটরদের পরামর্শ দেয়। এর মধ্যে জরুরি পরিস্থিতি মোকাবিলার নির্দেশনাও রয়েছে। সিস্টেমটি ইতোমধ্যে প্রথম ইউনিটের কমিশনিং কার্যক্রমে ব্যবহৃত হচ্ছে এবং দ্বিতীয় ইউনিটেও স্থাপন করা হবে।

রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচভের মতে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রাশিয়া ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ প্রকল্প এবং আধুনিক স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে রোসাটমের একটি উল্লেখযোগ্য উদ্যোগ।

দুটি ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর নিয়ে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মোট পরিকল্পিত উৎপাদনক্ষমতা ২,৪০০ মেগাওয়াট। কেন্দ্রটি ঢাকার প্রায় ১৬০ কিলোমিটার দূরে অবস্থিত।

(ছবিঃ https://t.me/rooppur_tube)