প্রশ্ন জিজ্ঞাসা করুন
কিছু লিখুন
প্রেরণ করুন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা ও সম্ভাবনা নিয়ে স্থানীয় ইমামগণের সঙ্গে মতবিনিময় সভা
০৫.১১.২০২৬

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রকল্পটির ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও স্থানীয় জনগণের সম্পৃক্ততা জোরদার করতে পাকশী ও সাহাপুর ইউনিয়নের ইমামগণের অংশগ্রহণে ‘কমিউনিটি লিডার রাউন্ডটেবিল’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন, পাবনা এবং পারমাণবিক তথ্যকেন্দ্র, ঈশ্বরদীর সহযোগিতায় পারমাণবিক তথ্যকেন্দ্রে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ জাহেদুল হাছান। এতে সভাপতিত্ব করেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোঃ কবীর হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মানবসম্পদ বিভাগের প্রধান ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ আলিউজজামান। এছাড়া এনপিসিবিএল-এর ব্যবস্থাপক ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা গোলাম শাহীনুর ইসলাম, পারমানবিক তথ‍্য কেন্দ্রের কমিউনিকেশন ম্যানেজার মো. আহসান হাবিব ও প্রজেক্ট ম্যানেজার মো. আশিক হায়দার এবং প্রকল্পের পাবলিক কমিউনিকেশন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।।

সভায় পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আধুনিক নিরাপত্তাব্যবস্থা, বিকিরণ নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ, পরিবেশ সুরক্ষা এবং প্রকল্পটির স্থানীয় ও জাতীয় আর্থ-সামাজিক অবদান নিয়ে তথ্যভিত্তিক আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ড. মোঃ জাহেদুল হাছান বলেন, দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ ও দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কেন্দ্রটির দুটি ইউনিটের সম্মিলিত উৎপাদন ক্ষমতা ২,৪০০ মেগাওয়াট। তিনি নিরাপদ পরিচালনা ও পরিবেশ সুরক্ষায় আধুনিক প্রযুক্তি, বহুমাত্রিক নিরাপত্তাব্যবস্থা এবং নিয়মিত পর্যবেক্ষণের গুরুত্ব তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে ড. মোঃ কবীর হোসেন বলেন, স্থানীয় জনগণের কাছে ইমামগণ শ্রদ্ধাভাজন ও বিশ্বস্ত ব্যক্তিত্ব। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সম্পর্কে সঠিক ও বিজ্ঞানভিত্তিক তথ্য প্রচার, ভুল ধারণা দূরীকরণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাঁদের সক্রিয় অংশগ্রহণ প্রকল্প ও স্থানীয় জনগণের মধ্যে যোগাযোগ ও আস্থা আরও জোরদার করবে।

মতবিনিময় পর্বে ইমামগণ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন, কেন্দ্রের নিরাপত্তা, বিকিরণের প্রভাব, পরিবেশ সুরক্ষা ও স্থানীয় জনগণের কল্যাণে প্রকল্পটির ভূমিকা সম্পর্কে বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন। সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও কর্মকর্তারা তাঁদের প্রশ্নের উত্তর দেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, ধর্মীয় ও সামাজিক নেতৃত্বের সঙ্গে এ ধরনের সরাসরি মতবিনিময় পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ও নিরাপদ ব্যবহার সম্পর্কে সঠিক তথ্যের প্রসার, জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় জনগণের আস্থা সুদৃঢ় করতে সহায়ক হবে। উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের পাওয়ার স্টার্ট-আপ পর্যায়ের কার্যক্রম চলমান রয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা ও অনুমোদন সম্পন্ন হলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পরবর্তী ধাপে অগ্রসর হওয়া সম্ভব হবে।