সর্বসাধারণ পারমাণবিক তথ্যকেন্দ্র ঈশ্বরদীতে দুই শিক্ষা প্রতিষ্ঠানের ৯০ জন অংশগ্রহণকারীর প্রাণবন্ত অংশগ্রহণ
সর্বসাধারণ পারমাণবিক তথ্যকেন্দ্র (পিআইসি), ঈশ্বরদীতে “বাংলা নববর্ষ উদযাপন” শীর্ষক দিনব্যাপী একটি শিক্ষামূলক ও ইন্টারঅ্যাকটিভ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজ্ঞান, সংস্কৃতি ও পারমাণবিক জ্ঞানভিত্তিক এ আয়োজনে অংশ নেন দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা।
অনুষ্ঠানটি দুইটি পৃথক সেশনে অনুষ্ঠিত হয়। সকালে দাদাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা এবং দুপুরে ঈশ্বরদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশগ্রহণ করেন। দুই সেশনে মোট ৮০ জন শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষকসহ মোট অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ৯০ জন।
অংশগ্রহণকারীদের ১০টি দলে ভাগ করা হয়, প্রতিটি দলে ছিল ৮ জন সদস্য। প্রতি সেশনে ৫টি করে দল অংশ নেয়। বাংলা নববর্ষকে ঘিরে বিজ্ঞান, বিজ্ঞানী, পারমাণবিক শক্তি ও জ্বালানি বিষয়ক মজার ও সাংস্কৃতিকভাবে উপস্থাপিত চিত্রভিত্তিক ধাঁধা-গেমে দলগুলো অংশগ্রহণ করে। প্রতিটি সেশন থেকে একটি করে সেরা দল নির্বাচিত করা হয়।
ইন্টারঅ্যাকটিভ গেমের পাশাপাশি অংশগ্রহণকারীদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প, জ্বালানি লোডিং প্রক্রিয়া এবং ইউরেনিয়াম খনন থেকে সমৃদ্ধকরণ ও ইউরেনিয়াম ফুয়েল পেলেটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন পর্যন্ত পুরো প্রক্রিয়ার উপর শিক্ষামূলক ভিডিও প্রদর্শন করা হয়।


অনুষ্ঠানে একটি প্রশ্নোত্তর পর্বও অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। পিআইসি প্রতিনিধিরা তাদের প্রশ্নের বিজ্ঞানভিত্তিক ও সঠিক উত্তর প্রদান করেন এবং প্রচলিত ভুল ধারণা ও মিথ ভেঙে সঠিক তথ্য তুলে ধরেন। একই সঙ্গে শিক্ষার্থীদের রাশিয়ার আধুনিক পারমাণবিক প্রযুক্তি সম্পর্কেও ধারণা দেওয়া হয়।
আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের বৈজ্ঞানিক সচেতনতা বৃদ্ধি, পারমাণবিক শক্তি সম্পর্কে ইতিবাচক ও তথ্যভিত্তিক ধারণা গড়ে তোলা এবং বিজ্ঞানমনস্কতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারীরা উৎসাহ, আগ্রহ ও আনন্দের সঙ্গে সক্রিয়ভাবে অংশ নেন।
