রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রোসাটমের আন্তর্জাতিক বিজ্ঞান ও শিক্ষা কর্মসূচি ‘আইসব্রেকার অব নলেজ ২০২৬’-এ অংশগ্রহণের নিবন্ধন শেষ হতে বাকি মাত্র তিন দিন। বাংলাদেশসহ বিশ্বের ২২টি দেশের ১৪ থেকে ১৬ বছর বয়সী শিক্ষার্থীরা আগামী ৩ জুন ২০২৬ পর্যন্ত প্রতিযোগিতাটিতে আবেদন করতে পারবে।
প্রতিযোগিতার বিজয়ীরা আগামী আগস্টে পারমাণবিক আইসব্রেকার জাহাজ “ফিফটি লেট পবেদি”-এ চড়ে ১০ দিনের এক অনন্য উত্তর মেরু অভিযানে অংশ নেওয়ার সুযোগ পাবে। এই আন্তর্জাতিক অভিযানে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞানভিত্তিক কর্মশালা, বিশেষজ্ঞদের লেকচার, শিক্ষামূলক কার্যক্রম এবং আর্কটিক অঞ্চল সম্পর্কে সরাসরি জানার সুযোগ থাকবে।
প্রতিযোগিতাটি তিনটি ধাপে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ধাপে অংশগ্রহণকারীদের অনলাইন কুইজ সম্পন্ন করতে হবে এবং দ্বিতীয় ধাপে ওয়েবিনার দেখতে হবে (মে ৫ থেকে জুন ৩ পর্যন্ত)। তৃতীয় ধাপে দেশভিত্তিক সেরা অংশগ্রহণকারীরা ভিডিও প্রেজেন্টেশন জমা দেবে (জুন ৫ থেকে জুন ১৫)। চূড়ান্ত বিজয়ীদের নাম জুন মাসের ২৩ তারিখ ঘোষণা করা হবে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, বিজয়ীদের জন্য বাংলাদেশ থেকে রাশিয়ায় যাওয়া-আসার বিমান ভাড়া, আবাসন, খাবার, শিক্ষামূলক কার্যক্রম এবং মেডিকেল ইন্স্যুরেন্সের ব্যয় বহন করা হবে। তবে ভিসা সংক্রান্ত কনস্যুলার ফি অংশগ্রহণকারীদের নিজস্বভাবে বহন করতে হবে।
রোসাটমের সহায়তায় পরিচালিত ‘আইসব্রেকার অব নলেজ’ কর্মসূচির লক্ষ্য হলো বিজ্ঞান, প্রযুক্তি ও পারমাণবিক জ্ঞান বিষয়ে তরুণদের আগ্রহ বৃদ্ধি করা। গত ছয়টি আসরে বিশ্বের ৪০০-এর বেশি শিক্ষার্থী উত্তর মেরু অভিযানে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে।
(ছবি: অ্যাটম মিডিয়া)
