প্রশ্ন জিজ্ঞাসা করুন
কিছু লিখুন
প্রেরণ করুন
মরহুম ওয়াহেদ আলী স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “নিউক্লিয়ার এনার্জি: এনার্জি অব দ্য ফিউচার” শীর্ষক ইন্টারঅ্যাকটিভ স্কুল লেসন অনুষ্ঠিত
২৩.০৬.২০২৬

সর্বসাধারণ পারমাণবিক তথ্যকেন্দ্র (পিআইসি), ঈশ্বরদীর উদ্যোগে মরহুম ওয়াহেদ আলী স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “নিউক্লিয়ার এনার্জি: এনার্জি অব দ্য ফিউচার” শীর্ষক একটি ইন্টারঅ্যাকটিভ শিক্ষামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে। এতে বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সমালোচনামূলক চিন্তাভাবনা এবং শেখার আগ্রহ বাড়ানোর লক্ষ্য নিয়ে আয়োজিত এই সেশনের শুরুতে মানব মস্তিষ্কের কার্যপ্রণালী নিয়ে একটি সংক্ষিপ্ত শিক্ষামূলক ভিডিও প্রদর্শন করা হয়। ভিডিও প্রদর্শনের পর শিক্ষার্থীরা “মিথস অ্যান্ড ফ্যাক্টস” নামের একটি অংশগ্রহণমূলক কার্যক্রমে অংশ নেয়, যেখানে মস্তিষ্ক সম্পর্কিত প্রচলিত বিভিন্ন ধারণা ও বৈজ্ঞানিক সত্য নিয়ে আলোচনা করা হয়।

সেশনের অংশ হিসেবে “মানুষ নিজেকে গুদগুদ করতে পারে না”, “মানুষ তার মস্তিষ্কের মাত্র ১০ শতাংশ ব্যবহার করে” কিংবা “ব্যায়াম মস্তিষ্ককে সুস্থ রাখতে সাহায্য করে”—এ ধরনের বিভিন্ন বক্তব্যের সত্যতা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীদের জোড়ায় ভাগ করে “ব্রেইন ফিটনেস” কার্যক্রমের বিভিন্ন অনুশীলন করানো হয়, যা তাদের পর্যবেক্ষণ ক্ষমতা ও চিন্তাশক্তি বিকাশে সহায়ক ভূমিকা রাখে।

অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীরা “ল্যাবিরিন্থ” ধাঁধা সমাধান কার্যক্রমে অংশগ্রহণ করে। এ কার্যক্রমে প্রথম পাঁচজন সফল অংশগ্রহণকারীকে “অনু’র অপ্রত্যাশিত অভিযান” ব্রোশিউর এবং স্টিকার প্রদান করা হয়।

এছাড়াও শিক্ষার্থীদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সম্পর্কে সঠিক ও বিজ্ঞানভিত্তিক তথ্য তুলে ধরা হয়। বিদ্যুৎকেন্দ্র নিয়ে তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয় এবং প্রচলিত ভুল ধারণা দূর করার উদ্যোগ নেওয়া হয়।

পিআইসি এর মতে, আনন্দময় ও অংশগ্রহণমূলক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চার আগ্রহ বৃদ্ধি এবং সৃজনশীল চিন্তার বিকাশ ঘটানোই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। শিক্ষার্থী ও শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।