রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন রোসাটমের ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ রোসাটম অটোমেটেড কন্ট্রোল সিস্টেমস (আরএএসইউ বা রাসু) বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) প্রথম ইউনিটের নিয়ন্ত্রণ ব্যবস্থায় অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম (ওআইএসএস) সংযুক্ত করেছে। রাশিয়ার বাইরে নির্মিত কোনো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এই সিস্টেম প্রথমবারের মতো ব্যবহার করা হলো। এর পাইলট সাইট ছিল নভোভোরোনেজ এনপিপি। এছাড়াও, রাশিয়ার সবচেয়ে শক্তিশালী নতুন পাওয়ার ইউনিটসহ কুরস্ক এনপিপি-২ এও ইতোমধ্যে এই সিস্টেম চালু করা হয়েছে।
রোসাটমের তথ্য অনুযায়ী, বর্তমানে কমিশনিং কার্যক্রম চলমান থাকা রূপপুর এনপিপির প্রথম ইউনিটে এই ডিজিটাল সিস্টেম স্থাপন করা হয়েছে। ওআইএসএস অপারেটরদের হাজার হাজার গুরুত্বপূর্ণ প্যারামিটার পর্যবেক্ষণ, সিস্টেমের অবস্থা বিশ্লেষণ, তথ্য প্রদর্শন অপ্টিমাইজ এবং পরিচালনাগত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে। এর ফলে বিদ্যুৎকেন্দ্রের কার্যকারিতা আরও উন্নত হবে।
আরএএসইউ জেএসসির প্রধান নির্বাহী কর্মকর্তা আন্দ্রেই বুটকো বলেন, “ওআইএসএস বিদ্যুৎকেন্দ্রের হাজার হাজার প্যারামিটার পর্যবেক্ষণে কর্মীদের সহায়তা করে। এটি সিস্টেমগুলোর অবস্থা বিশ্লেষণ করে, তথ্য উপস্থাপনকে আরও কার্যকর করে এবং অপারেটরদের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। এটি শুধু প্রযুক্তিগতভাবে উন্নত একটি সমাধানই নয়, বরং বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরিচালনাকারী কর্মীদের জন্য একটি বাস্তব সহকারী। এটি পরিচালনার প্রতিটি ধাপে কার্যকর ও স্থিতিশীল কাজ নিশ্চিত করতে ভূমিকা রাখবে।”
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. কবির হোসেন বলেন, “রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের জ্বালানি খাতের জন্য একটি কৌশলগত প্রকল্প। এখানে আধুনিক রিঅ্যাক্টর প্রযুক্তির পাশাপাশি উন্নত ডিজিটাল প্রযুক্তি সংযোজন করা হচ্ছে, যা উচ্চমানের পরিচালন সংস্কৃতি গড়ে তুলতে এবং কর্মীদের দক্ষতা বাড়াতে সহায়তা করবে। ওআইএসএস দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অপারেটরদের জন্য অতিরিক্ত সহায়ক টুল হিসেবে কাজ করবে।”
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ান ডিজাইনের দুটি ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর স্থাপন করা হচ্ছে, যার মোট উৎপাদন ক্ষমতা হবে ২,৪০০ মেগাওয়াট। আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড পূরণকারী জেনারেশন থ্রি-প্লাস প্রযুক্তির এই রিঅ্যাক্টর বর্তমানে রাশিয়া ও বেলারুশে সফলভাবে পরিচালিত হচ্ছে। একই প্রযুক্তিতে মিশর, হাঙ্গেরি, তুরস্ক ও চীনে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ কাজ চলমান রয়েছে। পাশাপাশি কাজাখস্তান প্রজাতন্ত্রে দুটি ভিভিইআর-১২০০ পাওয়ার ইউনিট নির্মাণের জন্য প্রকৌশলগত সমীক্ষা চলছে।
(ছবি: অ্যাটম মিডিয়া)
