সর্বসাধারণ পারমাণবিক তথ্যকেন্দ্র (পিআইসি), ঈশ্বরদীর উদ্যোগে চরকুড়ুলিয়া উচ্চ বিদ্যালয়ে “নিউক্লিয়ার ডিলেমা চ্যালেঞ্জ” শীর্ষক একটি শিক্ষামূলক ও ইন্টারঅ্যাকটিভ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয়ের ৫৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ১১টি দলে বিভক্ত করা হয়। প্রতিটি দলের সামনে পারমাণবিক শক্তি সংশ্লিষ্ট বিভিন্ন বাস্তবধর্মী সমস্যা বা ডিলেমা উপস্থাপন করা হয়। অংশগ্রহণকারীদের লিখিত কেস স্টাডি প্রদান করা হলে তারা নির্ধারিত ভূমিকা অনুযায়ী দলীয় আলোচনার মাধ্যমে সম্ভাব্য সমাধান তৈরি করে। পরে প্রতিটি দল তাদের কৌশল, যুক্তি এবং সমাধান উপস্থাপন করে।
অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন চরকুড়ুলিয়া উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। তিনি উপস্থাপনা দক্ষতা, যৌক্তিক বিশ্লেষণ এবং প্রশ্নোত্তর পর্বে পারফরম্যান্সের ভিত্তিতে দলগুলোর মূল্যায়ন করেন।
প্রতিযোগিতায় “টিম-৫” প্রথম স্থান অর্জন করে। বিজয়ী দলের সদস্যরা হলেন মোছা. হাফসা খাতুন, মোছা. সামিয়া সুলতানা, মোছা. রিপা খাতুন, মোছা. ফারজানা আবৃতি এবং মোছা. লামিয়া ইসলাম। এয়ারলাইনস কোম্পানির সিইও-এর ভূমিকায় নিজেদের শক্তিশালী যুক্তি, বিশ্লেষণ ও উপস্থাপনা দক্ষতার মাধ্যমে তারা বিচারকদের মুগ্ধ করে প্রথম স্থান অর্জন করে। বিজয়ী দলকে পুরস্কার হিসেবে গুডি ব্যাগ প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সম্পর্কে বিদ্যমান বিভিন্ন ভুল ধারণা দূর করে সঠিক ও বিজ্ঞানভিত্তিক তথ্য উপস্থাপন করা হয়। একই সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সম্পর্কিত তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয়।
পিআইসি আশা করে, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সমালোচনামূলক চিন্তাভাবনা এবং দলগত সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি করবে। পাশাপাশি পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার সম্পর্কে ইতিবাচক ও তথ্যসমৃদ্ধ ধারণা গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
