পারমাণবিক বিজ্ঞান, প্রযুক্তি ও শিক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে রাশিয়ার অবনিনস্ক শহরে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে অবনিনঙ্ক নিউ ২০২৬ (নিউক্লিয়ার এজুকেইশন উইক) আন্তর্জাতিক যুব ফোরাম। রোসাটম, কালুগা অঞ্চলের সরকার এবং ন্যাশনাল রিসার্চ নিউক্লিয়ার ইউনিভার্সিটি এমইপিএইচআই-এর সহযোগিতায় আয়োজিত এ ফোরামে বিশ্বের ৭০টি দেশের ৫০০-এর বেশি তরুণ প্রতিনিধি অংশ নেবেন। এছাড়া ২৫টি অংশীদার প্ল্যাটফর্মের মাধ্যমে হাজারো শিক্ষার্থী অনলাইনে যুক্ত হবেন।
এ বছরের ফোরামের মূল প্রতিপাদ্য হলো “ড্রিম অ্যাজ এ সোর্স অফ ডেভেলপমেন্ট”, যেখানে ব্যক্তিগত, পেশাগত ও প্রযুক্তিগত অগ্রগতিতে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখবেন রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ, রাশিয়ার বিজ্ঞান ও উচ্চশিক্ষামন্ত্রী ভ্যালেরি ফালকভ এবং কালুগা অঞ্চলের গভর্নর ভ্লাদিস্লাভ শাপশা। এছাড়া রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি এবং বিশ্ব পারমাণবিক সমিতির মহাপরিচালক সামা বিলবাও ই লেওন-এর শুভেচ্ছা বার্তা প্রত্যাশা করা হচ্ছে।
ফোরামে তরুণদের জন্য বিশেষ সেশন, প্যানেল আলোচনা এবং আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক কর্মসূচি আয়োজন করা হবে। আলোচনায় পারমাণবিক শক্তি, পারমাণবিক চিকিৎসা, কোয়ান্টাম প্রযুক্তি, শিক্ষা ও দক্ষ মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় স্থান পাবে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের পারমাণবিক খাতের শীর্ষস্থানীয় প্রতিনিধি ও বিশেষজ্ঞরা তরুণ অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করবেন।
ফোরামের অংশ হিসেবে ২২ জুন থেকে ২ জুলাই পর্যন্ত ১০ দিনব্যাপী বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচি, গ্রীষ্মকালীন বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক প্রশিক্ষণ কার্যক্রমও অনুষ্ঠিত হবে। আয়োজকরা মনে করছেন, এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের বিজ্ঞানী, প্রকৌশলী ও প্রযুক্তি নেতাদের জন্য আন্তর্জাতিক সহযোগিতা ও জ্ঞান বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি করবে।
অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করতে ভিজিট করুন: https://impact-mission.org/solutions/obninsk-new-2026/
(ছবি: অ্যাটম মিডিয়া)
