সর্বসাধারণ পারমাণবিক তথ্যকেন্দ্র (পিআইসি), ঈশ্বরদীর উদ্যোগে দিয়াড় বাঘইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “ফিক্সেট অন ইওর স্কিল” শীর্ষক একটি বিজ্ঞানভিত্তিক ও ইন্টারঅ্যাকটিভ মাস্টার ক্লাস অনুষ্ঠিত হয়েছে। এতে ১১–১২ বছর বয়সী ৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের কাছে পিআইসি, ঈশ্বরদীর কার্যক্রম এবং মাস্টার ক্লাসের উদ্দেশ্য তুলে ধরা হয়। পরে চেইন রিঅ্যাকশন বিষয়ক একটি শিক্ষামূলক কার্টুন প্রদর্শন করা হয় এবং বিষয়টি সহজ ও আকর্ষণীয় উপায়ে ব্যাখ্যা করা হয়।
তাত্ত্বিক আলোচনার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য ডমিনো ব্যবহার করে চেইন রিঅ্যাকশনের বাস্তব প্রদর্শনী করা হয়। এরপর শিক্ষার্থীরা নিজেরাই ডমিনো সাজিয়ে চেইন রিঅ্যাকশন তৈরি করে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করে। একই সঙ্গে তাদের অংশগ্রহণে মানব শৃঙ্খল (হিউম্যান চেইন রিঅ্যাকশন) কার্যক্রম পরিচালনা করা হয়, যা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।
অনুষ্ঠানে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করে। পিআইসি প্রতিনিধিরা তাদের প্রশ্নের বিজ্ঞানভিত্তিক উত্তর প্রদান করেন এবং প্রচলিত ভুল ধারণা দূর করে তথ্যনির্ভর ব্যাখ্যা তুলে ধরেন। পাশাপাশি রাশিয়ার আধুনিক পারমাণবিক প্রযুক্তি সম্পর্কেও শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়।
শেষে মৌলিক জ্বালানি উৎস ও আলোচিত বিষয়গুলোর ওপর সংক্ষিপ্ত কুইজের আয়োজন করা হয়। সঠিক উত্তরদাতাদের “নিউক্লিয়ার প্রফেশন” ব্রোশিওরসহ বিভিন্ন উপহার প্রদান করা হয়।
শিক্ষার্থী ও শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়। পিআইসি আশা করে, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি এবং পারমাণবিক শক্তি সম্পর্কে সঠিক ও ইতিবাচক ধারণা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
