প্রশ্ন জিজ্ঞাসা করুন
কিছু লিখুন
প্রেরণ করুন
তুরস্কের আক্কুয়ু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটে প্রসেস ওয়াটার সাপ্লাই সিস্টেমের প্রধান পাম্প স্থাপন সম্পন্ন
০৯.০৭.২০২৬

রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রোসাটমের নির্মাণাধীন তুরস্কের আক্কুয়ু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র (আক্কুয়ু এনপিপি)-এর দ্বিতীয় ইউনিটের অনশোর পাম্পিং স্টেশনে প্রসেস ওয়াটার সাপ্লাই সিস্টেমের চারটি প্রধান পাম্প ইউনিট সফলভাবে স্থাপন করা হয়েছে। এই অগ্রগতির মাধ্যমে টারবাইন আইল্যান্ডের কুলিং সিস্টেম প্রস্তুতের পরবর্তী ধাপে প্রবেশ করেছে প্রকল্পটি।

স্থাপিত সেন্ট্রিফিউগাল পাম্পগুলো ভূমধ্যসাগরের পানি ব্যবহার করে টারবাইন ইউনিটের কনডেনসার কুলিং সিস্টেমে পানি সরবরাহ করবে। এর ফলে টারবাইন হলের বিভিন্ন যন্ত্রপাতি কার্যকরভাবে শীতল থাকবে এবং বিদ্যুৎ ইউনিটের স্থিতিশীল ও নির্ভরযোগ্য পরিচালনা নিশ্চিত হবে।

অনশোর পাম্পিং স্টেশনগুলোতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সবচেয়ে বড় পাম্প ব্যবহার করা হয়েছে। প্রতিটি পাম্প ইউনিটের মোট উচ্চতা প্রায় পাঁচতলা ভবনের সমান। এর নিচের অংশ ভূমি থেকে ২১ মিটার নিচে এবং ৬,৫০০ কিলোওয়াট ক্ষমতার বৈদ্যুতিক মোটর ৫ মিটার নিচে স্থাপন করা হয়েছে। এই নকশা বন্যা ও সুনামিসহ সম্ভাব্য বাহ্যিক ঝুঁকি থেকে পাম্পিং স্টেশনকে সুরক্ষা দিতে সক্ষম।

আক্কুয়ু নিউক্লিয়ার জেএসসি-এর প্রতিনিধি জানান, অনশোর পাম্পিং স্টেশন বিদ্যুৎ ইউনিটের অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো। প্রধান পাম্পগুলোর স্থাপন সম্পন্ন হওয়ায় এখন সার্ভিস কুলিং ওয়াটার সিস্টেম প্রস্তুতের পরবর্তী ধাপ শুরু করা সম্ভব হবে। একই সঙ্গে প্রথম ইউনিটের কমিশনিং কার্যক্রমের প্রস্তুতির পাশাপাশি অন্যান্য ইউনিটের প্রকৌশল অবকাঠামোর কাজও এগিয়ে চলছে।

চালু হওয়ার পর চারটি পাম্প মিলিয়ে প্রতি ঘণ্টায় ২ লাখ ৬০ হাজার ঘনমিটার সমুদ্রের পানি সরবরাহ করতে পারবে, যা প্রায় একশটি অলিম্পিক মানের সুইমিং পুল পূরণের সমপরিমাণ।

উল্লেখ্য, আক্কুয়ু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তুরস্কের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রকল্পটিতে রাশিয়ান নকশার জেনারেশন-থ্রি প্লাস ভিভিইআর-১২০০ প্রযুক্তির চারটি ইউনিট নির্মাণ করা হচ্ছে, যার প্রতিটির উৎপাদন ক্ষমতা ১,২০০ মেগাওয়াট। এটি বিশ্বে প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, যা বিল্ড-ওউন-অপারেট মডেলে বাস্তবায়িত হচ্ছে।

ছবি: অ‍্যাটম মিডিয়া