প্রশ্ন জিজ্ঞাসা করুন
কিছু লিখুন
প্রেরণ করুন
মিসরের এল-দাবা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটে রিঅ্যাক্টর প্রেসার ভেসেল স্থাপন সম্পন্ন
০৯.০৭.২০২৬

মিসরের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এল-দাবা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র (এনপিপি)-এর দ্বিতীয় ইউনিটে সফলভাবে রিঅ্যাক্টর প্রেসার ভেসেল স্থাপন করা হয়েছে। প্রকল্পটির সাধারণ ডিজাইনার ও প্রধান কন্ট্রাকটর হিসেবে কাজ করছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রোসাটমের ইঞ্জিনিয়ারিং ডিভিশন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ, মিসরের প্রধানমন্ত্রী ড. মোস্তফা মাদবুলি এবং দেশটির বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানিমন্ত্রী ড. মাহমুদ এসমাত। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি

রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ বলেন, এল-দাবা প্রকল্পের নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। মাত্র সাত মাস আগে প্রথম ইউনিটে রিঅ্যাক্টর প্রেসার ভেসেল স্থাপন করা হয়েছিল এবং এখন একই কাজ দ্বিতীয় ইউনিটেও সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে প্রকল্পটি পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপ, অর্থাৎ মেইন কুল্যান্ট পাইপলাইন (এমসিপি) ওয়েল্ডিংয়ের জন্য প্রস্তুত হলো।

৩৪০ টনের বেশি ওজনের রিঅ্যাক্টর প্রেসার ভেসেলটি ১,৩৫০ টন ধারণক্ষমতার ক্রলার ক্রেন ব্যবহার করে রিঅ্যাক্টর শ্যাফটে স্থাপন করা হয়। পুরো কাজটি এক-দশমাংশ মিলিমিটার নির্ভুলতায় সম্পন্ন হয়েছে।

রিঅ্যাক্টর প্রেসার ভেসেল রিঅ্যাক্টরের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, যেখানে পারমাণবিক বিভাজন প্রক্রিয়া সংঘটিত হয়। এই ধাপ সম্পন্ন হওয়ার পর বিদ্যুৎকেন্দ্রটির ফিজিক্যাল স্টার্ট-আপ-এর প্রস্তুতি আরও এগিয়ে যায়, যার অংশ হিসেবে পরবর্তীতে প্রথমবারের মতো রিঅ্যাক্টরে পারমাণবিক জ্বালানি লোড করা হবে।

ভূমধ্যসাগর উপকূলের মাতরুহ গভর্নরেটের এল-দাবা এলাকায় নির্মাণাধীন এই বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করে রাশিয়ান নকশার জেনারেশন-থ্রি প্লাস ভিভিইআর-১২০০ প্রযুক্তির চারটি ইউনিট স্থাপন করা হচ্ছে, যার প্রতিটির উৎপাদন ক্ষমতা হবে ১,২০০ মেগাওয়াট।

ছবি: অ‍্যাটম মিডিয়া