ভালোবাসা, বিজ্ঞান এবং টেকসই ভবিষ্যতের এক অনন্য সম্মিলনে, সর্বসাধারণ পারমাণবিক তথ্যকেন্দ্র (পিআইসি), ঈশ্বরদী মা দিবস উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করে। এতে ঈশ্বরদী সাউথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী ও তাদের মা সহ প্রায় ৫৫ জন অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে, পিআইসি প্রতিনিধি উষ্ণ শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, যেখানে তিনি অনুষ্ঠানের দ্বৈত উদ্দেশ্যের কথা তুলে ধরেন—মায়েদের অবদানকে সম্মান জানানো এবং একটি উন্নত ভবিষ্যৎ নির্মাণে পারমাণবিক শক্তির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র (আরএনপিপি)-এর অবদান তুলে ধরে, বক্তা দেখান কীভাবে বিজ্ঞান ও ভালবাসা একত্রে একটি টেকসই আগামী গড়ে তুলতে পারে।
অনুষ্ঠানে একটি মজার ও শিক্ষামূলক অংশ ছিল “গেস দ্য সায়েন্টিস্ট মম!” যেখানে অংশগ্রহণকারীদেরকে কিছু অনুপ্রেরণাদায়ক উক্তির ভিত্তিতে বিখ্যাত নারী বিজ্ঞানীদের চিহ্নিত করতে বলা হয়—যাঁরা অনেকেই মাতৃত্বের পাশাপাশি অসাধারণ বৈজ্ঞানিক কাজ করেছেন। এ খেলা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে এবং বিজ্ঞানে নারীদের ভূমিকা নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা তৈরি করে।
অনুষ্ঠানে একটি প্রশ্নোত্তর পর্বও অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। পিআইসি প্রতিনিধিরা তাদের প্রশ্নের বিজ্ঞানভিত্তিক ও সঠিক উত্তর প্রদান করেন এবং প্রচলিত ভুল ধারণা ও মিথ ভেঙে সঠিক ও বাস্তবসম্মত তথ্য তুলে ধরেন। একই সঙ্গে শিক্ষার্থীদের রাশিয়ার আধুনিক পারমাণবিক প্রযুক্তি সম্পর্কেও ধারণা দেওয়া হয়।
শেষে আরএনপিপি ও আলোচিত বিষয়গুলোর উপর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। সঠিক উত্তরদাতাদের “নিউক্লিয়ার প্রফেশন” ব্রোশিওর সহ বিভিন্ন উপহার প্রদান করা হয়।
ভালোবাসা, সৃজনশীলতা ও বিজ্ঞানশিক্ষাকে একত্রে মিশিয়ে, পিআইসি একটি স্মরণীয় অনুষ্ঠান উপহার দেয় যা শুধু মাতৃত্বকে সম্মানই জানায়নি, বরং ভবিষ্যৎ নির্মাণে বিজ্ঞানের—বিশেষ করে পারমাণবিক শক্তির—গুরুত্বও তুলে ধরেছে।
