প্রশ্ন জিজ্ঞাসা করুন
কিছু লিখুন
প্রেরণ করুন
সাড়া ঝাউদিয়া উচ্চ বিদ্যালয়ে “নিউক্লিয়ার হাইপোথিসিস ফর স্কুল স্টুডেন্টস” শীর্ষক একটি শিক্ষামূলক আয়োজন অনুষ্ঠিত
১৩.০৫.২০২৬

ঈশ্বরদীর সাড়া ঝাউদিয়া উচ্চ বিদ্যালয়ে “নিউক্লিয়ার হাইপোথিসিস ফর স্কুল স্টুডেন্টস” শীর্ষক একটি ব্যতিক্রমী ও চিন্তাশীল শিক্ষামূলক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। এতে বিদ্যালয়ের ৪৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে সর্বসাধারণ পারমানবিক তথ‍্য কেন্দ্র (পিআইসি), ঈশ্বরদী সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি এবং অনুষ্ঠানের উদ্দেশ্য তুলে ধরা হয়। সকালে শুরু হওয়া এ অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ১১টি দলে বিভক্ত করা হয়। প্রতিটি দলকে একটি করে হাইপোথিসিস কার্ড দেওয়া হয় এবং দলীয় আলোচনার মাধ্যমে নির্ধারিত বিষয়ে উত্তর প্রস্তুতের জন্য পাঁচ মিনিট সময় দেওয়া হয়। এই কার্যক্রম শিক্ষার্থীদের যৌক্তিক চিন্তা, বিশ্লেষণী দক্ষতা এবং দলগত কাজের সক্ষমতা বাড়াতে সহায়তা করে।

পরবর্তীতে দলগুলো তাদের নির্ধারিত বিষয়ে উপস্থাপনা করে এবং যুক্তি তুলে ধরে। বিচারকের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক নারগিস খাতুন, যিনি উপস্থাপনা, যুক্তি এবং প্রশ্নোত্তর পর্বে পারফরম্যান্সের ভিত্তিতে নম্বর প্রদান করেন।

“পৃথিবীতে যদি সঙ্গীত না থাকে, তাহলে একটি ভায়েলিন যন্ত্র কোন কাজে ব‍্যবহার করা যেতে পারে?”—এই বিষয়ে চমৎকার উপস্থাপনার মাধ্যমে “টিম-৯, হাইপাসিয়া” বিজয়ী হয়। বিজয়ী দলের সদস্যরা হলেন মোছাঃ মনিকা খাতুন, মোছাঃ উশমিতা আক্তার ইভা, মোছাঃ সুরাইয়া খাতুন, এবং মোছাঃ জিনিয়া খাতুন। বিজয়ী দলকে পুরস্কৃত  করা হয়।

অনুষ্ঠানে একটি প্রশ্নোত্তর পর্বও অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। পিআইসি প্রতিনিধিরা তাদের প্রশ্নের বিজ্ঞানভিত্তিক ও সঠিক উত্তর প্রদান করেন এবং প্রচলিত ভুল ধারণা ও মিথ ভেঙে সঠিক ও বাস্তবসম্মত তথ্য তুলে ধরেন। একই সঙ্গে শিক্ষার্থীদের রাশিয়ার আধুনিক পারমাণবিক প্রযুক্তি সম্পর্কেও ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থী ও শিক্ষকরা তাদের সন্তুষ্টি প্রকাশ করেন এবং পুরো আয়োজনটি প্রাণবন্ত ও সফলভাবে সম্পন্ন হয়।